জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:২৫-১১-২০২৬
সারাদিন গৃহস্থালী কাজের বাইরে খোলা মাঠে বিভিন্ন খেলাধুলায় মেতে উঠল এলাকার সাড়ে ৩ শতাধিক নারী ও কিশোরীরা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি হাজীর মার্কেট এলাকায় স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি এই ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানে ছিল স্বপ্নপুরণ, লালকার্ড-সবুজকার্ড ও বালিশ পাচার খেলা। এতে দীর্ঘদিন পর উন্মুক্ত মাঠে বয়স্ক নারী ও কিশোরীরা পারফর্ম করতে পেরে ভীষণ খুশি।

খেলাধুলা শেষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, এএফএডি’র সমন্বয়কারী রেশমা সুলতানা, আরভিডব্লিউএল প্রকল্পের সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া, সোচ্চার প্রকল্পের কনসালটেন্ট কার্তিক চন্দ্র সেন প্রমুখ।

এমবাসি অব নেদারল্যান্ডস’র আর্থিক সহযোগিতায়, সেভ দ্য চিলড্রেন’র কারিগরি সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি’র) কর্তৃক পরিচালিত সোচ্চার প্রকল্প দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
