​মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একটি টিনের ঘর ভাঙচুর এবং সিমেন্ট ও টিন লুটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বরাশুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বরাশুর মৌজায় বরাশুর বাসস্ট্যান্ডের পাশে মোসাঃ নিগার বেগম (৭০) নামের এক নারীর ১৫ শতাংশ জমি রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই জমি দখলের পাঁয়তারা এবং বিভিন্ন সময় নগদ টাকা দাবিকে কেন্দ্র করে বরাশুর গ্রামের মান্নান সরদারের ছেলে আওলাদ সরদার (৫০)-সহ অজ্ঞাতনামা ২-৩ জনের সঙ্গে নিগার বেগমের ছেলে উজ্জ্বল শরীফের (৪৫) বিরোধ চলে আসছিল।

​প্রায় ১৫ দিন আগে উজ্জ্বল শরীফ ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করেন। অভিযোগকারী মোসাঃ নিগার বেগমের দাবি, বুধবার সকালে তিনি জমিতে গিয়ে দেখেন অজ্ঞাত ব্যক্তিরা তার ছেলের তৈরি টিনের ঘরটি ভেঙে ফেলেছে এবং ১২ বস্তা সিমেন্টসহ ৩ বান টিন নিয়ে গেছে। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি জানতে পারেন।

​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে নিগার বেগম বাদী হয়ে আওলাদ সরদারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে বিবাদী করে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কপিতে ইরশাদ (৩৫) ও মন্টু (৫০) নামের দুজন সাক্ষীর নামও উল্লেখ রয়েছে।

​এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি; তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন বাদীপক্ষ।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *