মনোয়ার হোসেন রাজু স্টাফ রিপোর্টার
গোপীনাথপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
গোপালগঞ্জের মেরী গোপীনাথপুর উত্তর পাড়ায় পূর্ব শত্রুতার জেরে মটর চুরির অপবাদ দিয়ে শরিফুল শেখ (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কলাবাগানের পাশে একটি বালুর মাঠে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
আহত শরিফুলের বাবা ছরোয়ার শেখ জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় মিল্টন শেখ (পিতা: আওলাদ শেখ), সেরাজ শেখ (পিতা: ওমর মোল্লা) এবং জুয়েল শেখ (পিতা: তৈয়াব শেখ) শরিফুলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গ্রামের কলাবাগানের পাশের নির্জন বালুর মাঠে নিয়ে তারা শরিফুলকে ঘিরে ধরে।
অভিযোগ উঠেছে, সেখানে প্রথমে মিল্টন শেখ হাতুড়ি দিয়ে শরিফুলকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার মাথায় আঘাত করলে শরিফুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

বর্তমান অবস্থা
আহত শরিফুলকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শরিফুলের পরিবার গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
”আমার ছেলেকে ওরা চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারতে চেয়েছিল। আমি ওর মাথায় গভীর ক্ষত দেখেছি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি এই অন্যায়ের বিচার চাই।”
— ছরোয়ার শেখ (আহতের পিতা)
পুলিশের বক্তব্য
মেরী গোপীনাথপুর তদন্ত ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি বলেন, “লিখিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply