​মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ-২-এর লা মেরিডিয়ানের ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকা ঘিরে বাড়ছে মাদকসেবন, ফুটপাত দখল এবং ছিনতাইয়ের অভিযোগ। পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিটি হাসপাতালের কাছাকাছি গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাসমান একদল নেশাগ্রস্ত শিশু-কিশোর ও তরুণের আনাগোনা দেখা যায়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ২৫ বছর বয়সী ২০-২৫ জনের একটি দল সেখানে নিয়মিত জড়ো হয়। তাদের একটি অংশ প্রকাশ্যে সিগারেট, গাঁজা ও গামসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করে। পাশাপাশি ফুটপাতের ওপর বিছানা পেতে ঘুমানো ও রান্নাবান্না করার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এদের অনেকের বিরুদ্ধে ছিনতাই ও পথচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে। ফলে বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্করা ওই এলাকা দিয়ে চলাচলের সময় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


​প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষা
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, “বিষয়টি স্থানীয় থানা ও সিটি করপোরেশনকে বহুবার জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমরা চাই না কোনো শিশু-কিশোর অমানবিক আচরণের শিকার হোক; তবে মানবিকতার দোহাই দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা উপেক্ষা করার সুযোগ নেই।” তিনি দ্রুত বিশেষ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং মাদকের পেছনের মূল হোতাদের খুঁজে বের করার পাশাপাশি অসহায় শিশুদের পুনর্বাসনের দাবি জানান।


​মাদকমুক্ত ও নিরাপদ নিকুঞ্জ গড়ার আহ্বান
নিকুঞ্জ ইমাম-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাঈদ আল হাবিব বলেন, “প্রকাশ্যে মাদকসেবন ও চলাচলের পথ দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই শিশু-কিশোরদের হাতে কারা মাদক তুলে দিচ্ছে, সেই অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পরিবার-বিচ্ছিন্ন শিশুদের নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
​বাসিন্দাদের উদ্বেগ
নিকুঞ্জের স্থায়ী বাসিন্দা আসজাদুর রহমান মিঠু উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তান ও পরিবারের নিরাপদ বসবাসের এই এলাকাকে অনিরাপদ করার অধিকার কারও নেই। শুধু একবার অভিযান চালিয়ে দায়িত্ব শেষ না করে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে এবং অসহায় শিশুদের প্রকৃত অবস্থা যাচাই করে অন্যত্র পুনর্বাসন করতে হবে।”
​যা বলছে পুলিশ প্রশাসন
এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মাদক ও ছিনতাইয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ও ভাসমান শিশু-কিশোরদের পুনর্বাসনের বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।”
​স্থায়ী সমাধানের দাবি
এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে। শুধু সাময়িক অভিযান নয়; সন্ধ্যা ও রাতে নিয়মিত টহল, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং পুলিশ, সিটি করপোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *