জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: ১৮-১১-২০২৬

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বিকেল থেকে বাড়ছে ঠান্ডা। ভোরে দেখা মিলছে হালকা কুয়াশা ও শিশিরের। সেই সঙ্গে কমছে তাপমাত্রা। এর সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাস শ্রমজীবী মানুষের কষ্ট বাড়িয়ে দিচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। তিনি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ায় সেটি আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়েছে উত্তরের জেলাগুলিতে। ভোরে কুয়াশার কারণে বাইরে বের হলে গরম কাপড় পরতে হচ্ছে শ্রমজীবীদের।

এদিকে বুধবার সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার ও রৌদ্দজ্জ্বল। তবে তীব্র ঠান্ডা হাওয়ার কারণে কর্মজীবী মানুষের কিছুটা সমস্যা হচ্ছিল। বিশেষ করে শহরে যারা শ্রমের কাজ করেন এবং মাঠে যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত তারা গড়ম কাপড় পরিধান করে কাজ করছেন। শীতের আমেজে ঠান্ডা অনুভূত হওয়ার সাথে সাথে লেপ-তোশকের কারিগরদের বেড়েছে ব্যস্ততা। ক্রেতাদের ভিড় বাড়ছে গরম কাপড়ের দোকানগুলোতে। কুড়িগ্রামের রাজারহাট বাজারের ধুনকর জামাল হোসেন জানান, ‘ঠান্ডাতো এখন শুরু হইছে। ল্যাপ-তোশকের চাহিদা বাড়বে। সিজন শুরু হওয়ায় আমাদের কাজ বাড়বে।’

সেলাই মেশিনে ব্যস্ত কাজের ফাঁকে শ্রমিক বকিয়ত মিয়া জানান, ‘ঠান্ডা বাড়বের লাগছে, আমারগুলার অর্ডারও বাড়ি যাইবে। সারা বছরে এই ঠান্ডাতে হামারগুলার ব্যস্ততা বাড়ি যায়, কাজ কামের অভাব হয় না।’
গত তিন দিন ধরে সকালে সড়ক ও মাঠ হালকা কুয়াশায় ঢেকে থাকছে। কোথাও কোথাও যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

এদিকে কুড়িগ্রাম জেলায় এখনো বেশিরভাগ জমির ধান মাঠেই রয়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিগুলোতে দেরিতে চাষাবাদ করায় এখনো ধান পুরোপুরি পেকে উঠেনি। ফলে আরও এক সপ্তাহ লাগতে পারে ধান কাটতে। এ বিষয়ে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘোড়াই রঘুরায় গ্রামের স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান,‘আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখনো আমাদের অনেকে ধান কর্তন শুরু করেনি। অনেকে ধান কর্তন করে মাঠেই ধান শুকানোর জন্য রেখেছেন। এখন যদি বৃষ্টি হয়, তাহলে কৃষকরা খুব লোকসানে পরে যাবেন।’

ওই এলাকার ব্যবসায়ী আব্দুল জলিল বলেন,‘এক বিঘা জমির ধান শুকানোর জন্য জমিতেই রেখেছি। এখন হঠাৎ করি কুয়াশা পরছে। আকাশও পরিস্কার হচ্ছে না। এখন ধান নিয়ে দুশ্চিন্তায় আছি।’

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের জমির উদ্দিন ভ্যান চালিয়ে শহরে আসছিলেন। তার মাথায় গরম টুপি, গলায় মাফলার এবং গায়ে জড়িয়েছেন মোটা জ্যাকেট। তিনি হাঁফাতে হাঁফাতে বললেন, ‘হঠাৎ করি কাইল থাকি ঠান্ডাটা বাড়ি গেইছে। একপাহে ভোরবেলা ওপাহে বিকাল বেলা ঠান্ডা বাতাসোৎ অটো চালাইতে খুব কষ্ট হয়। গরীব মানুষ পেটের জন্যে কাম করাই নাগবে।’

আরোহী হবিবর রহমান বললেন, ‘এখনো পুরো শীত নামেনি, অথচ শরীরে ভীষণ ঠান্ডা অনুভূত হচ্ছে। শুধু ফুলহাতা শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হয়েছি। এখন দেখছি খুব ঠান্ডা লাগছে। শহরে গিয়ে মনে হয় একটা সেকেন্ড হ্যান্ড সোয়েটার কিনতে হবে।’

এদিকে শীতের আগাম প্রস্ততি হিসেবে জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজির রহমান জানান, আগাম পরিকল্পনা হিসেবে জেলার সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *