আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে অতিষ্ঠ হয়ে এক অভিনব ও ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন হোসেন মৃধা নামের এক স্বামী। ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি এক মণ দুধ দিয়ে গোসল করে এবং এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।
গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ফলিয়া গ্রামে হোসেন মৃধার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ওই ব্যতিক্রমী অনুষ্ঠান ও ঘটনাটি দেখতে স্থানীয় উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মৃত মনিহাল সারেণের ছেলে এবং পেশায় প্রথম শ্রেণীর মেরিন মাস্টার হোসেন মৃধার সাথে দীর্ঘ ১৮ বছর আগে বিয়ে হয়েছিল আশ্চাপিয়া পিংকীর। দীর্ঘ এই সংসার জীবনে তাদের ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে আবু হুরাইরা (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে, মেজো মেয়ে সামিয়া (১১) তৃতীয় শ্রেণীতে এবং ছোট মেয়ে ফাতেমা (৬) এখনো বিদ্যালয়ে যাওয়া শুরু করেনি।
তবে সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এই সম্পর্কের কারণে অতিষ্ঠ হয়ে এবং নিজের জীবন রক্ষা ও তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে শেষ পর্যন্ত ডিভোর্সের মাধ্যমে ১৮ বছরের সম্পর্কের ইতি টানেন হোসেন মৃধা।

স্ত্রীকে তালাক দেওয়ার পর মনের আক্ষেপ ও স্বস্তি প্রকাশ করতে দুধ দিয়ে গোসল করা এবং এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণের বিষয়ে হোসেন মাস্টার বলেন, “আমাদের ১৮ বছরের সংসার জীবনে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তার পরকীয়া সম্পর্কের কারণে আমি চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। জীবন বাঁচাতে এবং আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণ করে নিজেকে পাপমুক্ত করলাম।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় লোকজনের মাঝে নানা আলোচনা চলছে।
