আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির গর্বিত কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মরিশাস প্রবাসী আকাশ মিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েকদিন যাবৎ তিনি বৈশ্বিক মহামারি করোনা পজিটিভ এবং একই সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মরিশাসের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকায় ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে সুপরিচিত ও সদাহাস্যোজ্জ্বল এই ব্যক্তিত্বের হঠাৎ এমন অসুস্থতায় তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ নেমে এসেছে। সুদূর প্রবাসের মাটিতে হাসপাতালের বিছানায় এখন কাটছে আলফাডাঙ্গার মা-মাটি ও মানুষের এই প্রিয় সন্তানের দিনগুলো।
আকাশ মিয়া তাঁর ব্যক্তিগত অর্থায়নে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অনন্য অবদান রেখেছেন। এলাকার অসহায়, গরীব-দুঃখী ও মেহনতী মানুষের পরম বন্ধু হিসেবে তিনি সুপরিচিত। বিশেষ করে কন্যা দায়গ্রস্ত পিতা-মাতার শেষ আশ্রয়স্থল এবং অসহায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের সার্বিক সহযোগিতায় তিনি সবসময় হাত বাড়িয়ে দিয়েছেন। মরিসাস ইশান-কামিনী কোম্পানির এই সফল কর্ণধার প্রবাসে থেকেও সবসময় নিজ এলাকার উন্নয়নে কাজ করে গেছেন।
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আকাশ মিয়া দেশ-বিদেশে অবস্থানরত তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও আলফাডাঙ্গাবাসীসহ সমগ্র দেশবাসীর নিকট দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন।
