মো:জুনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৮৯৫)-এর সভাপতি ও প্রবীণ শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান (৬৮) আর নেই। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জসহ দেশের পরিবহন শ্রমিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নং-বি-১৭২৪) এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছে।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান এক যৌথ শোকবার্তায় বলেন, মরহুম হাবিবুর রহমান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও শ্রমিকবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবহন শ্রমিক সমাজ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারিয়েছে।

এদিকে, কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ উজ্জলও গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “হাবিবুর রহমান শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন শ্রমিকদের অভিভাবক, পরামর্শদাতা এবং সকলের প্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি কামনা করেন।
মোঃ হাবিবুর রহমানের মৃত্যুতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেছেন। শ্রমিক নেতারা মনে করেন, পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
তাঁর মৃত্যু দেশের পরিবহন শ্রমিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply