মঠবাড়িয়া প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আজ ২৮ জুন রোববার নানা জাতের ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক মৃধা, শিক্ষক এ কে এম শাকিল আহমেদ, মিসেস কিরণ প্রভা, পারভেজ তালুকদার, প্রতিভা মণ্ডল, ফাতিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ বৃক্ষ একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত শিক্ষকবৃন্দ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সবুজায়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply