মো:সোহান শেখ:প্রতিনিধি কাশিয়ানী (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর রহমান সিকদার হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাত রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এসময় তাদের হাতে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়। মানববন্ধন চলাকালে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওবায়দুর রহমান হত্যাকাণ্ডের ৬ মাস পার হয়ে গেলেও পুলিশ এখনো চার্জশিট জমা দেয়নি। এমনকি আসামিদের গ্রেফতারেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পুলিশকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সরবরাহ করা সত্ত্বেও তাদের মধ্যে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে ওবায়দুর রহমান সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ওবায়দুর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এই ঘটনায় নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
Leave a Reply