নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা অধিকতর ইবাদত-বন্দেগিতে নিজেদের নিয়োজিত রাখেন। এমন এক আধ্যাত্মিক আবহে কুরআনের শিক্ষা ও ইসলামের সুমহান আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক ধর্মীয় আয়োজন করতে যাচ্ছে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন।

আগামী ২৭ রমজান ১৪৪৬ হিজরি (২৬ মার্চ ২০২৬), বুধবার বাদ আছর অনুষ্ঠিত হবে পবিত্র কুরআনের সবক প্রদান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ ও আলেমে দ্বীন শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক, ইসলামপুর ভবানীপুর মাদরাসা। তিনি কুরআনের মহিমা, রমজানের তাৎপর্য, মানবজীবনে ইসলামের আদর্শিক দিকনির্দেশনা এবং নৈতিক মূল্যবোধ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে হৃদয়ছোঁয়া আলোচনা করবেন বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আঃ মান্নান শিকদার— যিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাজ্বেজ তৈয়াবুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক জনাব মুজাফফর রহমান শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।
এই মহতী আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছেন মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান শিকদার (কামাল)। তিনি জানান, বর্তমান প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় থাকবেন মুফতি মুহাম্মাদ আইয়ুব।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, রমজানের শেষ দশকের এ আয়োজন মানুষের হৃদয়ে নতুন করে ঈমানি শক্তি সঞ্চার করবে এবং কুরআনের প্রতি ভালোবাসা ও অনুরাগ বৃদ্ধি করবে। তারা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজ ও স্থানীয় জনগণকে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণমূলক নানা কার্যক্রমের মাধ্যমে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত ভূমিকা রেখে চলেছে। এই আয়োজনও সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply