​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১০:৩০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব সভাপতিত্ব করেন।

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (স্টেশন মাস্টার) আতিকুর রহমান উপস্থিত থেকে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধারকাজ চালাতে হয়, সে বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী ও দিকনির্দেশনা প্রদান করেন।

​পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা (অবসরপ্রাপ্ত বিডিআর), শিক্ষকণ্ডলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *