নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও রাজধানীর দক্ষিণখানে থামছে না অপরাধপ্রবণতা। দলের নাম ভেঙে ও প্রভাব খাটিয়ে স্থানীয় এক সাবেক শিক্ষকের দোকানঘর দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাবু ওরফে ‘পাগলা মতি’র বিরুদ্ধে। এমনকি স্থানীয় সংসদ সদস্যের মৌখিক নির্দেশ ও সতর্কবার্তাকেও তোয়াক্কা করছেন না তিনি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণখান থানার দক্ষিণ আজমপুরের মুন্সি মার্কেট এলাকার সাবেক শিক্ষক মো. রমিজ উদ্দিন খান ২০২০ সালের ৩০ জানুয়ারি মো. আনিস আহমেদের কাছ থেকে একটি জমি খরিদ করেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছিলেন। তবে গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত ৭ আগস্ট ২০২৪ ভোররাতে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি দলবল নিয়ে ওই জমিতে থাকা দোকানঘরটি দখল করে তালা ঝুলিয়ে দেন।
পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে ১৪ আগস্ট রাতে তালা খুলে দেওয়া হলেও ১০ দিন পর, ২৪ আগস্ট ২০-২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নিয়ে পুনরায় দোকানটি দখলে নেন মতি। এ সময় ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দোকানটি অবৈধভাবে দখল করে রেখেছেন এই বিএনপি নেতা।
আইনি লড়াই ও পিবিআই তদন্ত
দখল ও হুমকির মুখে পড়ে ভুক্তভোগী মাস্টার রমিজ উদ্দিন গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর ৩৪)-এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই মহানগর উত্তর শাখা বিষয়টি তদন্ত করে বাদী রমিজ উদ্দিনের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে।
এর আগে ২০২২ সালেও জায়গাটি নিয়ে বিরোধ তৈরি হলে তৎকালীন উত্তরা বিভাগের পুলিশ কমিশনার বিপ্লব কুমার গোস্বামী এবং দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে মাস্টার রমিজ উদ্দিনের পক্ষে সিদ্ধান্ত দেন।
দলীয় হাইকমান্ড ও এমপির কাছে অভিযোগ, অতঃপর হামলা
আইনি পদক্ষেপের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষক নিরুপায় হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন আহ্বায়ক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি সম্পর্কে অবহিত করা হয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিকে ডেকে ও বিভিন্ন মাধ্যমে কয়েকবার সতর্ক করেন এবং দখলকৃত দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে সংসদ সদস্যের সেই সতর্কবার্তা উপেক্ষা করে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন মতি। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবীণ শিক্ষক রমিজ উদ্দিনের ওপর হামলা চালান এবং তাঁকে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৩১৫) করা হয়। এছাড়া প্রতিকার চেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ঢাকা-১-এর অধিনায়ক বরাবরও লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।