মো: জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস ধরে নিখোঁজ থাকা আরিফ মিয়া ওরফে সালমান (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশের ৭৭টি হাড় এবং আরিফের ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের এ অভিযানে দীর্ঘদিনের নিখোঁজ রহস্যের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। তবে উদ্ধার করা দেহাবশেষের পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আরিফ বাড়ি থেকে ইলিম বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১৯ মে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ আরিফকে উদ্ধারে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের চলাফেরা, মোবাইল ফোনের কথোপকথন এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হয়। এতে তাঁকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
দীর্ঘ পাঁচ মাসেও ছেলের সন্ধান না পেয়ে আরিফের বাবা মো. ফজলুর রহমান গত ১৬ অক্টোবর হোসেনপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে ডিবির ওসি মো. বাহার মিয়ার নেতৃত্বে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেনের অংশগ্রহণে অভিযান পরিচালিত হয়।

এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাকিব (১৮), মাফি (১৫), রফিক (৪০) ও রমজান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আরিফকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে নরসুন্দা নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখার তথ্য দেন। তাঁদের দেখানো স্থান থেকে দেহাবশেষ ও গেঞ্জি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত আরিফের বাবা গেঞ্জি দেখে ছেলেকে প্রাথমিকভাবে শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা দেহাবশেষের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় তদন্ত ও অভিযান পরিচালনা করে।
