মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, প্রবীণ খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ আর ফুটবল ঘিরে উৎসবের আমেজ। বয়স যে খেলাধুলার পথে বাধা নয়, তারই অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুরে। মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয় নিয়ে মরহুম চান মিয়ার স্মৃতিকে ধারণ করে উদ্বোধন করা হয়েছে ‘চান মিয়া ফুটবল গ্রাউন্ড’। উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ, দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল ও হলুদ দল অংশ নেয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত মির্জালির করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে লাল দলকে হারিয়ে বিজয়ী হয় হলুদ দল। জয়ের আনন্দে হলুদ দলের খেলোয়াড়েরা বিজয় ট্রফি নিজেদের করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজামান মঞ্জিল। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম মাহাদী, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীমন্তপুর বড় বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল আউয়াল। পুরো খেলায় ধারাভাষ্য দেন আবদুল আজিজ।
খেলা চলাকালে প্রবীণ খেলোয়াড়দের দৌড়ঝাঁপ, বল নিয়ন্ত্রণ ও গোলের প্রচেষ্টা দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। বয়সের ভার উপেক্ষা করে তাঁদের মাঠে নামা উপস্থিত তরুণ ও প্রবীণ দর্শকদের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার এক অনন্য মুহূর্ত। এটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, বরং খেলাধুলার প্রতি ভালোবাসা, প্রজন্মের মেলবন্ধন এবং সামাজিক সম্প্রীতির এক প্রাণবন্ত প্রকাশ।
আয়োজক ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, তাঁর বড় ভাই মরহুম চান মিয়ার স্মৃতিকে অম্লান রাখতে তাঁর নামেই এই ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।


স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। মাঠকেন্দ্রিক খেলাধুলা ও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যয় করতে উৎসাহিত করবে। একই সঙ্গে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
চান মিয়া ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন ঘিরে শ্রীমন্তপুর ও আশপাশের এলাকায় যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, তা স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই মাঠ ভবিষ্যতে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির পাশাপাশি মাদকমুক্ত যুবসমাজ গঠন, সুস্থ বিনোদন এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবার অঙ্গীকার হোক একটাই: খেলাধুলায় গড়ি সুস্থ জীবন, মাদকমুক্ত সমাজ হোক আমাদের অঙ্গীকার।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *