কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা জামায়াত অফিসে উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রকৌশলী আখতারুজ্জামান বাদল। এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন প্রমূখ।
পরে কিশোরগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

প্রধান অতিথি বলেন,একটি দলের নেতারা দেশে জুলাই আন্দোলনের আগে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে ছিল। তারা আজ জুলাই আন্দোলনকে অস্বীকার করছে। তারাও বিগত সরকারের পথেই হাঁটছে। শেখ হাসিনাও জামায়াত শিবিরকে নিশ্চিহ্ন করতে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে মুহুর্মুহু গুলি করেছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে? আজ সেই আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকার সেই নব্য ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলছে। জনগণ ফুঁসে উঠলে এ সরকারও দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।