মোঃ জোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
ইটভাটা মালিকদের নানা সংকট, ব্যবসা পরিচালনার প্রতিকূলতা ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জেলা শাখার বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় ইটভাটা মালিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের ডক্টরস মিলনায়তন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় মালিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ইট প্রস্তুতকারী মালিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এ শিল্পের অবদান রয়েছে। মালিকরা যেন তাঁদের ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে জন্য তাঁদের পাশে থাকতে আমরা আগ্রহী।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ইটভাটার মালিকরা অনেক সংগ্রাম ও পরিশ্রমের মধ্য দিয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করেন। নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তাঁদের। মালিকদের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে হাজী ইসরাইল বলেন, “আমি নিজেও একসময় ইটভাটার মালিক ছিলাম। তাই এ ব্যবসা পরিচালনা করতে কতটা কষ্ট ও পরিশ্রম করতে হয়, তা আমি ভালোভাবেই জানি। মালিকদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করতে হয়। তাঁদের সমস্যাগুলো আমি উপলব্ধি করি।”
সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মাসুদ ইকবাল, সিনিয়র সাংবাদিক ও অ্যাডভোকেট সাইফুল হক মোল্লা দুলু এবং দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল।
বার্ষিক সাধারণ সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ইট প্রস্তুতকারী শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা মালিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্টদের সহযোগিতা ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় ইট প্রস্তুতকারী শিল্পের সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।
