মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা:
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কিশোর গ্যাং লিডার ফরহাদ দেওয়ানকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৮ নভেম্বর) রাতে দক্ষিণখান থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ দেওয়ান দক্ষিণখানের স্থানীয় দেওয়ান বাড়ির আবুল হোসেন দেওয়ানের ছেলে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফহিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে ফরহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তিনি বলেন, “গ্রেপ্তারকৃত ফরহাদ দেওয়ানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।”
ওসি ফহিম উদ্দিন আরও জানান, ফরহাদের বিরুদ্ধে দক্ষিণখান থানা ছাড়াও বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
