জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:১২-১১-২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে দুই বছর ধরে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় অভিভাবক এবং এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত আছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের প্রথমের দিকে অফিস সহায়ক পদে যোগদান করেন। ওই বছরের নভেম্বর মাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি হন নজরুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম ও অফিস সহায়ক নজরুল ইসলাম আপন মামা-ভাগিনা। এরপর থেকে অফিস সহায়ক হিসাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ের আসা বন্ধ করে দেন।
অফিস সহায়ক দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বিষয়টি গোপন রেখে ভাগিনা নজরুল ইসলামের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দিয়ে আসছেন। এবং বেতন ভাতা উত্তোলন করতে সহায়তা করে আসছেন। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে বিষয়টি তদন্ত করতে যান।

সরেজমিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষার্থীরা বলেন, নজরুল ইসলাম নামে একজন স্কুলের পিয়ন হাসিনা সরকারের পতনের পর থেকে আসেন না। শুনেছি হেড স্যার (প্রধান শিক্ষক) তার (নজরুল) মামা হয়।
এ সময় এলাকাবাসী এনামুল হক (৭০), মাঈদুল ইসলাম(৩৮), হারুন মিয়া (৩৫) সিরাজুল ইসলাম (৪০), শাহজামাল (৩২), নান্নু মিয়া (৩২), মানিক মিয়া (৪০)সহ অনেকে বলেন, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়-স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ্য প্রহরীসহ এই প্রতিষ্ঠানে ৬জন কর্মরত আছেন। এছাড়া ছাত্রলীগের সভাপতি ও অফিস সহায়ক নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক এবং বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। অথচ প্রধান শিক্ষক ভাগিনাকে বাঁচাতে গোপনে হাজিরা খাতায় স্বাক্ষর নিচ্ছেন এবং প্রত্যেক মাসের বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।
এদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। এখন কিছুদিন থেকে আসেন না।
অভিযোগকারী ও বিদ্যালয়ের জমিদাতা এবং শিক্ষার্থী অভিভাবক শাহ আলম জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না আসা ও অবৈধভাবে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করায় সু-বিচারের আশায় মাধ্যমিক অফিসে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম বিদ্যালয়ে নিয়মিত আসতেন। তবে চলতি নভেম্বর মাসেই তিনি অনুপস্থিত। কি কারণে অনুপস্থিত জানতে চাইলে তিনি বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি বলেন, আবেদন কপি বাড়িতে রয়েছে। প্রতিষ্ঠানে ৬ জন আত্মীয়-স্বজন কর্মরত আছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দাঃ ) সাজ্জাদ হোসেন অভিযোগ পেয়ে তদন্তের যাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তকালীন সময়ে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনপুস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনি কোনো মন্তব্য করা উচিত হবে না। তবে তদন্তের বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে যথাযথা ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।