রূপম চাকমা, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার ও রূপকারী ইউনিয়নের আওতাধীন দুইটিলা সেনাক্যাম্প এলাকায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং

বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকালে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকহারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি উপস্থিত সকলকে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। সেই সাথে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।
গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি করবে।
বাঘাইহাট জোন জানিয়েছে, জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply