হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় তার বাড়ির পেছনে দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ করার বিষয়টি ফাঁস হয়ে পড়ে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মঞ্জু গোপনে সুপারি বাগানে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ মাজেদুল ইসলাম মঞ্জুর বাগান থেকে রোপণকৃত চারটি গাঁজা গাছ জব্দ করে। গাছগুলোর মধ্যে দুটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং অপর দুটির উচ্চতা ২ ফুট।
তবে অভিযানের খবর টের পেয়ে মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জু পালিয়ে যায়। সে ওই এলাকার শবেদ আলীর ছেলে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply