জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ ২১-১১-২০২৬

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে ৩ বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন আম্বিয়া বেগম নামে এক নারী।

অভিযুক্ত ইউপি সদস্য বাবলু মিয়ার বিরুদ্ধে এখনো ওই মৃত নারীর কার্ড ব্যবহার করে চাল উত্তোলনের অভিযোগ উঠলেও তিনি পাল্টা অভিযোগ করে বলেন, অভিযোগকারীনিকে আমি চিনি না। এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নির্বাচনের আগে একটি মহল সুনাম নষ্ট করার জন্য এসব অভিযোগ করেছে। আমি তার বিরুদ্ধে অইনগত ব্যবস্থা নিবো।

এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি চালের কার্ড রয়েছে। কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।
পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন।
অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই এলাকার চাল বিতরনের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আম্বিয়া বেগম জানতে পারেন, তার শাশুড়ির নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য বাবলু মিয়া। এতে গত সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অভিযোগকারী আম্বিয়া বেগম বলেন, সাড়ে ৩ বছর আগে আমার শাশুড়ী মারা যাওয়ার পর দুই বার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন আপনার শাশুড়ী মারা যাওয়া কার্ডটি বাতিল হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মুল কার্ডটি স্বামী ও আপনার ছবি ভোটার আইডি দেন আমি কার্ডটি করে দেবো এই কথা বলে নিয়ে গেছে। পরে আর সে কার্ড করে দেয়নি। সাড়ে ৩ বছর পর কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি আমার শাশুড়ীর নামে কার্ডটি এখনো চালু রয়েছে। পরে চাল বিতরনের ডিলার মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনার শাশুড়ীর কার্ডের চাল মেম্বার বাবলু মিয়া তুলছেন। পরে ১৬ নভেম্বর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আমি মেম্বারের শাস্তি ও চালের ক্ষতিপূরণ দাবি করছি। সরকার যদি চালের কার্ডটা করে দিতো তাহলে আমার অভাবের সংসারটা ভালোভাবে চলতো।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম জানান, আমি এক বছর হলো চালের ডিলারশীপ পেয়েছি এই এক বছরে আমার কাছ থেকে চালের কার্ডটি ইউপি মেম্বার নিয়ে এসে চাল তুলেছেন।

বিষয়টি জানতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া জানান, আমি আমেনা ও আম্বিয়া বেগমকে চিনি না। আমাকে সে কোন কাগজপত্র দেয়নি। সামনে ইউপি নির্বাচন আমাকে ফাঁসানো চক্রান্ত করছে একটি মহল। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ জানান, অভিযোগ পত্রটি আমি হাতে পাইনি, পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই মহিলাকে আমার কাছে আসতে বলেন।

এদিকে সরকারি খাদ্যসহায়তা নিয়ে এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *