আলমগীর কবির, আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ভাগ গ্রামের মৃত খন্দকার মকসুম মোল্লার ছেলে খন্দকার আব্দুর রউফ (৬৪)-এর জমিতে স্থাপিত একটি সেচ মোটর ঘর থেকে গত ৭ এপ্রিল সন্ধ্যা থেকে ৮ এপ্রিল সকাল পর্যন্ত যেকোনো সময়ে মোটরটি চুরি হয়। ঘটনার সময় সেচ মোটরটি তালাবদ্ধ অবস্থায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় খন্দকার আব্দুর রউফ বাদী হয়ে ১৫ এপ্রিল আলফাডাঙ্গা থানা-এ একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯)। মামলায় সুমন শেখ, রফিক শেখ, রঙ্গু শেখ ও লায়েব শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, চোরেরা সেচ ঘরের দরজার তালা ভেঙে একটি ৫ হর্সপাওয়ারের সেচ মোটরসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪২ হাজার টাকা। পরবর্তীতে চুরি যাওয়া মোটর বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে বাদী কাশিয়ানী এলাকায় খোঁজ নেন। স্থানীয় ভাঙারি দোকানদারের মাধ্যমে বিষয়টি জানাজানি হলেও আসামিরা কৌশলে মোটরটি সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জুরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রঙ্গু শেখ ও লায়েব শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই এলাকায় পূর্বেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। দ্রুত বাকি আসামিদের গ্রেফতার এবং চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *