কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিশ্বের একমাত্র বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতালটির চত্বর থেকে প্রায় ১০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। অনিয়ম, দুর্নীতি ও মালিকানা সংক্রান্ত মামলার কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিলগালা অবস্থায় থাকলেও, প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলো কাটা হয়েছে।
খবর পেয়ে শনিবার (২ মে) দুপুরে উপজেলা প্রশাসন স্থানীয় তহশিলদারকে পাঠিয়ে কাটা গাছগুলো জব্দ করেছে।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে হাসপাতালের পাশে সুখিপাড়ার জনৈক তোতা মিয়া গাছ কাটা শুরু করেন।
দুই দিনে ১০টি বড় মেহগনি গাছ কাটা সম্পন্ন হয়।
শনিবার সকালে আরও দুটি গাছ কাটার প্রস্তুতি নেওয়ার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে তোতা মিয়া দাবি করেন, হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোয়াজ্জেম হোসেনের নির্দেশে তিনি গাছগুলো কাটছেন। হাসপাতালটি নতুন করে চালুর লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এই গাছ কাটা হচ্ছে বলে তিনি জানান।
আইনি বৈধতা নিয়ে বিতর্ক:
গাছ কাটার বিষয়ে তোতা মিয়া বলেন, “এটি সরকারি প্রতিষ্ঠান নয় যে অনুমতি নিতে হবে।” তবে সৈয়দপুর উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল ইসলাম মুস্তাকুর জানান ভিন্ন কথা।
তিনি বলেন, “প্রতিষ্ঠানটি ব্যক্তিগত হোক বা সরকারি, গাছ কাটার ক্ষেত্রে বন বিভাগের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ফাইলেরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো আবেদন করেনি।”
প্রশাসনের বক্তব্য:
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন জানান, “গাছ কাটার খবর পাওয়ামাত্রই আমরা কামারপুকুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি এবং গাছগুলো জব্দ করা হয়েছে।
যেহেতু প্রতিষ্ঠানটি আইনি প্রক্রিয়ায় সিলগালা অবস্থায় আছে, তাই এখান থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, হাসপাতালটি সিলগালা অবস্থায় রয়েছে এবং এটি পুনরায় চালু বা হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
গাছ কাটার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
কর্তৃপক্ষের নিরবতা:
অভিযোগের বিষয়ে হাসপাতালের প্রতিষ্ঠাতা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ডা. মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকার অজুহাত দিয়ে কথা বলতে রাজি হননি।
পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর ক্ষোভ:
স্থানীয়দের অভিযোগ, জাপান সরকারের অর্থায়নে ও স্থানীয়দের দান করা জমিতে নির্মিত এই হাসপাতালটি ডা. মোয়াজ্জেম হোসেন ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন।
ইতোপূর্বে হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, পরিষ্কার করার নামে মূল্যবান গাছ কেটে সাবাড় করা হচ্ছে, যা জনস্বার্থ বিরোধী।
তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।