মো: রোকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয়।
স্থানীয়দের অভিযোগ—এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই যথাযথ নিয়ম অনুসরণ করা হচ্ছে না।
ভুয়া সনদে চিকিৎসা এবং দালালদের মাধ্যমে রোগীদের বিভ্রান্ত করার মতো অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে দালালচক্রের একটি সক্রিয় বলয় তৈরি হয়েছে।
আকর্ষণীয় সাইনবোর্ড ও মাইকিংয়ের মাধ্যমে গ্রাম থেকে আসা সাধারণ রোগীদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এতে রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি ভুল চিকিৎসার স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
পার্শ্ববর্তী পাথরঘাটা, বামনা ও বরগুনা এলাকা থেকে আসা রোগীরাও প্রায়ই এমন ভোগান্তির শিকার হচ্ছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে স্থানীয়রা বলছেন, সরকারি হাসপাতালের কিছু চিকিৎসক বেসরকারি ক্লিনিকেও রোগী দেখছেন বলে অভিযোগ রয়েছে।
এর ফলে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের যে স্বাভাবিক আস্থা থাকার কথা, তাতে নেতিবাচক প্রভাব পড়ছে।
হাসপাতালের ভেতরে পর্যাপ্ত সেবা পাওয়ার পরিবর্তে রোগীদের প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে।
এদিকে, ২০২৫ সালের ১৬ অক্টোবর বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করা হলেও অনিয়মগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
গত ২৪ এপ্রিল পরিচালিত এক মোবাইল কোর্টে অনুমতিপ্রাপ্ত এক ব্যক্তির ভুয়া সনদ ধরা পড়ে এবং ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই ঘটনার পর বাকি অনুমতিপ্রাপ্তদের তথ্য পুনরায় যাচাই করার জোর দাবি উঠেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাকিল সরোয়ার জানান, “প্রাথমিক কাগজপত্র যাচাই করে সীমিত পরিসরে কাজের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে মূল সনদের বৈধতা প্রমাণের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গত ৪ মে ২০২৬ তারিখে ‘সময় টিভি’-তে প্রচারিত একটি সংবাদ প্রতিবেদনেও মঠবাড়িয়ার এই অব্যবস্থাপনা ও দালালচক্রের দৌরাত্ম্যের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে অবৈধ ক্লিনিক বন্ধের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়নে আরও কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের দাবি, মঠবাড়িয়ার সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
