হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলা, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।
গত শনিবার ডিবি পুলিশ পরিচয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সোনাতলী এলাকার শফিকুল ইসলামের ছেলে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অপরাধ সংঘটনকালে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”