জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
৩১ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপ‌জেলার ভিতরবন্দ ইউনিয়নে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসানুর রহমান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে লাখ টাকায় দফারফা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাঁকুয়াবাড়ি গ্রামের পাকা রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুর ওই গ্রামের আনিসুর রহমান ও হাসনা বেগম দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাক্টরের চাকা হাসানুরের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটির মালিক ভিতরবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের ফুলবর মিয়া বলে জানা গেছে।

এদিকে ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের সাথে সমঝোতা করেছে বলে জেনেছি। অভিযুক্তদের পক্ষ থেকে শিশুটির পরিবারকে ১ লক্ষ টাকা দিয়েছে বলে জেনেছি।

শিশুটির ফুবা হাছিমুদ্দিন একই কথা স্বীকার করে বলেন, ১ লক্ষ টাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সুরাহা করে দেন।

দুর্ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। শিশুটি মারা গেলেও মামলা না করেই তড়িঘড়ি দাফনের কার্য সম্পন্ন করে পরিবার।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *