আলমগীর কবির,
​ আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ার জেরে সৃষ্ট পারিবারিক বিরোধের পর রুমান তালুকদার (২০) নামের এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া মহল্লায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত রুমান তালুকদার ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই তাঁর মায়ের কাছে হাতখরচের জন্য টাকা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের অজান্তেই নিজ ঘরে তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘটে।
​নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাঁর আর্তনাদে আশপাশের লোকজন ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তীতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
​খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
​এদিকে, এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, শুধু পারিবারিক মনোমালিন্যের বিষয়টি সামনে না রেখে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা ছিল কি না, তা পুলিশ যেন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে।

আলমগীর কবির
আলফাডাঙ্গা প্রতিনিধি
মোবা:০১৬৪৪৫১১৩৬৩

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *