জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: ০১-১১-২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিল উল্যাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের মৃত: জামাত উল্যাহর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুন খেতে নিড়ানি দিচ্ছিলেন খলিল উল্যাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা দল বেঁধে জমিতে কাজ করা খলিল উল্যাহ ও পাশের বাড়িতে উঠোনে বসে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনের চোখ, নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে হুলের ছোবলে প্রচন্ড যন্ত্রণায় সেখানেই মাটিতে লুটিয়ে পরেন তারা।
এসময় তাঁদের আর্ত চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় খলিল উল্যাহর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এরফলে রোগী সারভাইভ করতে পারেনি। পথেই তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।#