সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।

সভায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা জোরদার এবং প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি, প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা ও আলোচনা করা হয়।

সভায় গ্রাম আদালতের গঠন, এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি এবং দ্বিতীয় অংশে দেওয়ানি মামলার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত পরিচালনায় সদস্য-সদস্যাদের দায়িত্ব ও কর্তব্যসহ আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের শ্যামনগর উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *