আলমগীর কবির,
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে দৈনিক সময়ের কাগজ ও এদিন পত্রিকার সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ এবং তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাঁদের হাতুড়ি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার সহস্রাইল গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মীমাংসার জন্য সোমবার সকালে সহস্রাইল গ্রামে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশ চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিকল্পিতভাবে উপস্থিত সবার সামনেই সাংবাদিক তারেক মোঃ আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তরুণের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁদের হাতুড়ি, রড ও রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই ভাইকে উদ্ধার করেন এবং দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় এবং সালিশ বৈঠকে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বোয়ালমারী থানায় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগ দাখিল করা হয়েছে বলে আহন সাংবাদিকের পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে
অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ ও দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর সুপারিশ করছি।