জেলা প্রতিনিধি,কুড়িগ্রামঃ ১০-১১-২৬

কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি কম্পিউটারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কম্পিউটারের দোকান, একটি রেস্টুরেন্ট ও একটি ফুলের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট মালিক শাহ আলম বলেন, আগুনে তার দোকানের সবকিছু পুড়ে গেছে। এমনকি ঘরের টিনও অবশিষ্ট নেই। এ ঘটনায় তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।

কম্পিউটার দোকানের মালিক বিপুল কুমার বলেন, ধারদেনা করে কেনা একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, একটি লেমিনেটিং মেশিনসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন কী করবেন, তা বুঝতে পারছেন না।

এ ব্যাপারে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুন লেগে ছড়িয়ে পরে, এসময় দুইটি দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে এতে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *