মঠবাড়িয়া প্রতিনিধি।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসন পিরোজপুরের সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) মঠবাড়িয়া উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ দাহ্য জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে জব্দকৃত জ্বালানি তেলের বিবরণ নিম্নরূপ—
ডিজেল: ১,৬৮৩ লিটার (মূল্য ১,৬২,২২৪.৩৭ টাকা)
অকটেন: ১০ লিটার (মূল্য ১,১৪২.৫০ টাকা)
পেট্রোল: ১২০ লিটার (মূল্য ১৩,২৪২ টাকা)
কেরোসিন: ২৬৩ লিটার (মূল্য ২৮,৬৫৬.৪৮ টাকা)
মোট জব্দকৃত জ্বালানি তেলের মূল্য দাঁড়ায় ২,০৫,২৬৫.৩৫ টাকা (দুই লক্ষ পাঁচ হাজার দুইশত পয়ষট্টি টাকা পয়ত্রিশ পয়সা)।
জেলা প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয়ের অসৎ উদ্দেশ্যে বসতবাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ করে রেখেছিলেন। অভিযানের সময় তিনি অপরাধ স্বীকার করেন।
এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য মঠবাড়িয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনের প্রোপাইটারের জিম্মায় প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির বিক্রয়লব্ধ মোট অর্থ আগামীকাল ব্যাংকিং সময়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের মজুদদারি, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply