সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা
চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বিশেষ করে বিয়ে, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এসব নির্দেশনা অমান্য করে মাগুরায় একটি বিয়ে বাড়িতে প্রকাশ্যে আলোকসজ্জা করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত বিএডিসি ভবনের সামনে একটি বিয়ে বাড়িতে ব্যাপক আলোকসজ্জা করা হয়। পুরো বাড়িটি রঙিন বাতি দিয়ে সাজানো হয়, যা দূর থেকে সহজেই নজরে পড়ে। শুধু তাই নয়, সেখানে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল, যা আশপাশের পরিবেশকেও প্রভাবিত করেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জ্বালানি সাশ্রয়ের স্বার্থে এ ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের যথাযথ তদারকি ও নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে এবং অনেকেই নির্ভয়ে নিয়ম ভঙ্গ করে চলেছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, বর্তমান পরিস্থিতিতে যেখানে দেশব্যাপী বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমনভাবে সরকারি নির্দেশনা অমান্য করতে সাহস না পায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা
