সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, দোসরপাড়া এলাকার বাসিন্দা শিখা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে চলতি বছরের ৬ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতির ভয়াবহতায় তিনি ও তার পরিবার সেদিন রাতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। তিনি আরও অভিযোগ করেন, তাদের অনুপস্থিতিতে ৮ এপ্রিল গভীর রাতে প্রতিপক্ষরা বাড়ির ৮টি ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫ লাখ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরবাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একই এলাকার আরেক ভুক্তভোগী মোসা. আসমা বেগম অভিযোগ করেন, একই বিরোধের জেরে ৬ এপ্রিল সন্ধ্যায় তার স্বামীর বসতবাড়িতেও হামলা চালায় অভিযুক্তরা। তারা ঘরবাড়ি ভাঙচুর করে আলমারি থেকে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী দুই পরিবারই জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।
অভিযুক্ত আওলাদ হোসেনের ফোনে ফোন করা হলে তার ফোন টি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply