হুমায়ুন কবির সূর্য। কুড়িগ্রাম: ১২/০৪/২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিভাবকদের সম্মতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে এক প্রবাসীর একাধিক বিয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনা জানাজানির পর এলাকাবাসী ওই প্রতারক যুবকের বাড়ির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
রবিবার (১২এপ্রিল) দুপুর ১২টার সময় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই জকরিয়াটারী গ্রামে মৃত: আবেদ আলী দর্জির ছেলে অভিযুক্ত বাবু মিয়ার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযুক্ত বাবু মিয়ার ছবি সম্বলিত পোস্টার ও প্লাকার্ড প্রদর্শন করে। একটি পোস্টারে লেখা ছিল “বর তুমি কার!”
মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দুবাই প্রবাসী বাবু মিয়া ইতিমধ্যেই পাশাপাশি দুটি গ্রামে বিয়ে সম্পাদন করেছেন। যা প্রতারণার সামিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। এটি শুধু পারিবারিক নয়, সামাজিক মূল্যবোধের ওপরও আঘাত হানছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

অভিযোগ উঠেছে বাবু মিয়া কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে কোন নিবন্ধন না করেই প্রবাসে থাকাকালীন অবস্থায় দুই পরিবারের উপস্থিতিতে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে একই গ্রামের জয়নাল দর্জির প্রথম বর্ষে পড়ুয়া মেয়েকে প্রথম বিয়ে করেন।
এরপর একইভাবে পার্শ্ববর্তী নওদাবস গ্রামের জনৈক সিরাজুল হকের কলেজ পড়ুয়া মেয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক, শফিকুল ইসলাম ও মোর্শেদ আলী জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। তারা এ ঘটনার সুষ্ঠু প্রতিকার চান।
বড়লই ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুল হক খন্দকার জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হচ্ছে।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।