মঠবাড়িয়া প্রতিনিধি।
মঠবাড়িয়া, ১৭ এপ্রিল ২০২৬:
পিরোজপুরের মঠবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ছড়িয়ে পড়ে এক মর্মান্তিক সংবাদ—গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুবুর রহমান (৫৯) আর নেই। ভোর ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মাহবুবুর রহমান মঠবাড়িয়া সরকারি কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক, প্রয়াত অধ্যাপক আঃ আজিজুর রহমানের মেজ ছেলে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। শিক্ষক পরিবারটির সঙ্গে মঠবাড়িয়ার মানুষের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক থাকায় এ শোক যেন পুরো এলাকার।
স্থানীয়রা জানান, মাহবুবুর রহমান শুধু একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন একজন বিনয়ী, সজ্জন ও মানবিক মানুষ। ব্যক্তিগত আচরণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত প্রিয় ও সম্মানিত।
এদিকে, তার মৃত্যুর পরপরই প্রবাস থেকে আসে একটি আবেগঘন অনুরোধ। মরহুমের ছোট ভাই, কানাডা প্রবাসী মোঃ মামুনুর রহমান পরিবারের কাছে আবেদন জানিয়েছেন—তার বড় ভাইয়ের দাফন যেন নিজ জন্মভূমি মঠবাড়িয়াতেই সম্পন্ন করা হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও শুরু হয় আলোচনা এবং আবেগঘন প্রতিক্রিয়া।
উল্লেখ্য, এর আগে মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক জনপ্রিয় অধ্যাপক প্রয়াত মোঃ বেলায়েত হোসেনের মৃত্যুর পরেও তাকে নিজ ভিটায় দাফনের দাবি উঠেছিল। তবে পারিবারিক সিদ্ধান্তে তাকে ঢাকায় দাফন করা হয়। সেই স্মৃতি এখনও অনেকের মনে জাগ্রত রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দাফনের স্থান নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পরিবারের—এ বিষয়টি সকলেই স্বীকার করছেন। তবুও মঠবাড়িয়া বাসীর পক্ষ থেকে একটি আন্তরিক ও মানবিক আবেদন জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, মরহুম মাহবুবুর রহমানকে তার পিতা অধ্যাপক আঃ আজিজুর রহমানের কবরের পাশে মঠবাড়িয়াতেই দাফন করা হোক। এতে পারিবারিক বন্ধনের পাশাপাশি এলাকার মানুষের ভালোবাসা ও আবেগেরও প্রতিফলন ঘটবে বলে তারা মনে করছেন।
মঠবাড়িয়া বাসী মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুতে দেশ ও এলাকার এক গুণী সন্তানকে হারানোর শোক এখন সর্বত্রই বিরাজ করছে।
