সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন পান কবিরাজ মোঃ শাহ জালাল। দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয়দের কাছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জনসেবাকে আরও বিস্তৃত করতে তিনি ‘মা বাবার দোয়া ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিজেই নেতৃত্ব দিচ্ছেন। এই সংগঠনের মাধ্যমে কয়েক বছর ধরে রশুনিয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন, খিলাপাড়া, ধামালিয়া, তাজপুর, আবিরপাড়া, দানিয়াপাড়া, ইছাপুরা ও বাসাইলসহ বিভিন্ন এলাকায় মোট ১৯২টি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করেছেন। এছাড়াও ইছাপুর, জৈনসার, কেয়াইন, শ্রীনগর ও শেরপুর জেলাসহ বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপনের মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হয়েছেন। ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। স্থানীয় কবরস্থান ও ঈদগাহে নলকূপ স্থাপন এবং ঈদগাহ পাকা করণের জন্য ১শত বস্তা সিমেন্ট অনুদান দেওয়ার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ধর্মীয় উৎসবেও তিনি খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। গত পবিত্র মাহে রমজান উপলক্ষে রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামে ৫০টি অসহায় পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ ও ইফতার সামগ্রী বিতরণ করেন শাহ জালাল। এদিকে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি নিজস্ব অর্থায়নে পূর্ব রশুনিয়া এলাকায় একটি কাঠের ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছেন, যার নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী হিসেবে দেখছেন।
শাহ জালাল বলেন, “মানুষ মানুষের জন্য। একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের। রশুনিয়া ইউনিয়নের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই।”
স্থানীয়দের মতে, বছরজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে একজন মানবিক ও সেবামুখী ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও অনেকে মত প্রকাশ করেছেন।

Leave a Reply