আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর শিক্ষার্থীদের উত্যক্তকারী কিশোর গ্যাং দমন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমীর আয়োজনে ও সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ঘটনার প্রেক্ষাপটে সভায় জানানো হয়, গত কয়েকদিন ধরে কামারগ্রামের কতিপয় কিশোর গ্যাং কর্তৃক কাঞ্চন একাডেমীর শিক্ষার্থীদের উত্যাক্ত (ইভটিজিং) করাকে কেন্দ্র করে কামারগ্রাম ও প্রতিবেশী গোপালপুর গ্রামের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে এই অস্থিরতা আঞ্চলিক ইস্যু হিসেবে পার্শ্ববর্তী চানড়া ও বাজাড়া গ্রামেও ছড়িয়ে পড়ে। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সামাজিক শান্তি বজায় রাখতে উপজেলা প্রশাসন দ্রুত এই উদ্যোগ গ্রহণ করেন।
সমাবেশের মূল আলোচনায় প্রধান্য পায়,
কাঞ্চন একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী কিশোর গ্যাং দমনে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে এই সভার আহ্বান করেন। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে,
সামাজিক প্রতিরোধে কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং দমনে দল-মত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

আইনি পদক্ষেপ,
বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রীতি রক্ষা,
‘অশান্তি নয়, শান্তি চাই’—এই অঙ্গীকারে সংশ্লিষ্ট গ্রামগুলোর মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনে সম্মিলিত প্রচেষ্টা চালানো হবে।
অংশগ্রহণকারীদের অবস্থান,
উপজেলা নির্বাহী অফিসারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন থানা পুলিশ, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মিডিয়া কর্মী এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এবং ইভটিজিংয়ের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সামাজিক শিষ্টাচার বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের এই সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply