মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে সীমান্ত মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

গোপন অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফার্মেসিটিতে স্বনামধন্য ইমপোর্টেড ব্র্যান্ড বায়োটেক কর্পোরেশনের Silkin P Soap ও Kiton Soap-এর নকল সংস্করণ বিক্রির প্রমাণ পাওয়া যায়। আসল পণ্যের মোড়ক ও নকশা হুবহু নকল করে এসব পণ্য বিক্রি করে রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৩১টি নকল পণ্য জব্দ করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
