কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ সংরক্ষিত নারী আসন বিএনপি’র দলীয় ২য় বারের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্নাকে গণসংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ মে) বিকালে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ গণসংবর্ধনা দেওয়া হয়।

উক্ত গণসংবর্ধনায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,বিএনপি নেতা হাবিবুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন,আমি নারীদের আজকে উপস্থিতি লক্ষ্য করেছি,তারা আজকে কতটা আন্তরিক। তাই নারীদের উন্নয়নে কাজ করতে চাই। আমি গত ২০০১ সালে সংরক্ষিত সংসদ সদস্য থাকাকালে আমি কেন্দ্রীয় মহিলা সংস্থার সদস্য ছিলাম। আগামীতে মহিলাদের কর্মসংস্থানের জন্য আমি কাজ করতে চাই। তিনি বলেন,অনুদান খেয়ে বেশিদিন চলা যায় না। এজন্য মহিলাদেরকে স্ব-নির্ভর হতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,সংসদ সদস্য ও দল একসাথে চলে না। রাজনীতির মাঠে যখন থাকবো তখন রাজনীতি নিয়ে কথা বলবো,কিন্তু সংসদ সদস্য হিসাবে আমি সঠিক দায়িত্ব পালন করতে চাই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাকে ভালো কাজ করার জন্য সুযোগ দিবেন। আমাকে দিয়ে কোন অন্যায় কাজ করাবেন না। ব্যক্তি স্বার্থে কোন কাজ আমাকে দিয়ে করাবেন না। আমাকে অন্ধকারে রেখে কোন খারাপ কাজ করাবেন না। আমি বেশী পপুলার হতে চাই না,আবার ধপ করে পড়ে যেতেও চাই না। আমি মধ্যবর্তী থাকতে চাই। আগামী জুন মাসে বাজেট অধিবেশন শেষ করে আমি এলাকার মানুষের সাথে থেকে কাজ করতে চাই।
