​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন ও বহনের দায়ে হাবিবুর রহমান (১৯) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হাবিবুর উপজেলার চাপুলিয়া গ্রামের আরিফুল মোল্লার ছেলে।

​ঘটনার বিবরণ:

গত ১২ মে (মঙ্গলবার) বিকেলে উপজেলার বাজড়া মধুমতী নদীর খেয়াঘাট এলাকায় গাঁজাসহ হাবিবুরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।
পরে আলফাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমানের নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

​আদালতের রায়:

আটকের পর ওই দিন বিকেলেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. রায়হানূর রহমান।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় হাবিবুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

​পুলিশের বক্তব্য:

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান:

​”মাদকের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর এবং ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদকের প্রশ্নে কোনো প্রকার আপোষ করা হবে না।”

​থানা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমানকে আজ ১৩ মে (বুধবার) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ওসি ফকির তাইজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *