মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬৫ নম্বর সুর্যমণি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানকে স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিরোজপুর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গত ১১ মে সরেজমিন তদন্ত পরিচালনা করে এবং ২১ মে তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নে খাদ্যের নির্ধারিত ডিম সরবরাহের বিষয়ে অনৈতিক সুবিধা গ্রহণের পরিকল্পনা এবং স্থানীয় সরবরাহকারীর সঙ্গে যোগসাজশের ভিত্তিতে ভিডিও ক্লিপ ও কথোপকথন প্রকাশিত হওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী মো. হাবিবুর রহমানকে ২১ মে ২০২৬ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন, বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিক্ষা বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিভাগীয় কার্যক্রম শেষে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।

Leave a Reply