মোঃ জুনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে কিশোরগঞ্জ শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সন্ধ্যা ৬:০০ ঘটিকায়, জেলা পুলিশের সদর থানা ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে মোটরযান আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ও হালনাগাদ কাগজপত্র যাচাই, পাশাপাশি যত্রতত্র পার্কিং ও নিয়মবহির্ভূত যান চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে পৌর শহরের যানজট কমিয়ে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখা।

অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়। একইসঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা ও জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় বলেন,
“আইন প্রয়োগের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং আপনাদের প্রত্যেকের মূল্যবান জীবন রক্ষা করা এবং কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখা। নিজে হেলমেট পরিধান করুন, সহ-আরোহীকেও হেলমেট ব্যবহারে উৎসাহিত করুন এবং সর্বদা যানবাহনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন।”
নিরাপদ সড়ক, সচেতন নাগরিক ও সুন্দর কিশোরগঞ্জ গড়তে ট্রাফিক আইন মেনে চলুন এবং জেলা পুলিশকে সহযোগিতা করুন।
