কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত এ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকাসক্তি, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ বর্তমানে সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অনলাইন নিরাপত্তা, সাইবার বুলিং এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরে। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবমুখী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ তাদের পাশে থাকবে এবং একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভাটি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আইন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *