কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর
কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণের অংশগ্রহণে একটি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জামায়াত একটি আদর্শভিত্তিক সংগঠন এবং এর লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দল প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কাজ করছে। যথাযথ প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ওপর ইসলামের আদর্শ প্রচারের দায়িত্ব রয়েছে। যেকোনো পরিস্থিতিতে কর্মীদের ধৈর্য ও নিষ্ঠার সাথে সামাজিক ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

Leave a Reply