মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা।।
সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে তিন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিফাত (১৮), তিনি জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে; মো. মমিন শেখ (১৮), তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে এবং মো. সুমন শেখ (১৮), তিনি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে। এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার মমিন ওই কিশোরীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। প্রেমিকের কথামতো ওই কিশোরী জামগড়া এলাকায় দেখা করতে এলে মমিন তাকে বন্ধু সিফাতের বাসায় নিয়ে যান। সেখানে তিন বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply