মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুপ মিয়া (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামল মিয়াকে ঘটনার অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করেছে ইটনা থানা পুলিশ। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপ মিয়া নূরপুর গ্রামের মুতালিব মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শ্যামল মিয়া একই গ্রামের চন্নু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে রুপ মিয়া শ্যামল মিয়ার বাড়ির সামনের একটি দোকান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এ সময় পূর্ব থেকে চলমান বিরোধের জেরে অভিযুক্ত শ্যামল মিয়া ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তিনি রুপ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রুপ মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্ত শ্যামল মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
