মোঃ জুনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হাজতের ভেতরে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিকলী থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৩৫৮, তারিখ ৯ জুলাই ২০২৬-এর ভিত্তিতে নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬, ধারা ৩২৩/৩৮০/৫০৬(২) এবং কোর্ট প্রসেস নং-১৮১/২৬-এর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২১), পিতা রাজা হাওলাদার, গ্রামের বাড়ি শহরমুল, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে।
এএসআই (নিঃ) মো. আমজাদ হোসেনের নেতৃত্বে একটি টিম সকাল ৯টা ২০ মিনিটে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে সকাল ৯টা ৫০ মিনিটে তাকে থানার হাজতে রাখা হয় এবং বিধি অনুযায়ী দেহ তল্লাশি সম্পন্ন করা হয়। সে সময় তিনি কালো রঙের ফুলহাতা শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত ছিলেন।
পুলিশ জানায়, সকাল ১১টা ১০ মিনিটে আসামির বাবা হাজতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সকাল ১১টা ১৪ মিনিটে সিডিএমএসে গ্রেফতারের তথ্য আপলোডের জন্য কম্পিউটার অপারেটর হাজতের ভেতরে গিয়ে আসামির ছবি তোলেন। পরবর্তীতে আদালতে পাঠানোর প্রস্তুতি শেষে স্কট পার্টির কাছে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।

এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হাজত থেকে আসামিকে বের করতে গেলে দেখা যায়, তিনি নিজের পরিহিত কালো রঙের ফুলহাতা শার্ট খুলে হাজতের লোহার গ্রিলের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে জানানো হয়।
দায়িত্বরত কর্মকর্তার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় আসামি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অপমৃত্যুর মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে

Leave a Reply