মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবন্ধী ভাতা এখনো বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব। তিনি বলেন, ভাতাভোগীদের তালিকা প্রাথমিকভাবে যাচাই-বাছাই ও চিহ্নিত করার কাজ চলছে। তবে এ প্রক্রিয়াকে কেন্দ্র করে কয়েকটি ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ভাতাভোগীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছেন—এমন মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছে।
রোববার (৩০ আগস্ট) এ বিষয়ে এক বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব এসব কথা জানান।
তিনি বলেন, “আমরা কোনো প্রতিবন্ধী ভাতা এখনো বন্ধ করিনি। প্রাথমিকভাবে চিহ্নিত করেছি মাত্র। কিন্তু কয়েকটি ইউনিয়নের কয়েকজন মেম্বার ভাতাভোগীদের ভয় দেখিয়ে অর্থ দাবি করছেন মর্মে মৌখিক অভিযোগ আসছে, যা খুবই দুঃখজনক।”
সমাজসেবা কর্মকর্তা বলেন, ভাতাভোগীদের তালিকা যাচাই-বাছাই একটি চলমান প্রক্রিয়া। এ নিয়ে ভাতাভোগীদের আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সরকারি ভাতা বন্ধ বা চালু করার কথা বলে কোনো জনপ্রতিনিধি কিংবা অন্য কেউ অর্থ দাবি করলে কাউকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ যদি ভাতাভোগীদের ভয় দেখিয়ে, ভুল তথ্য দিয়ে কিংবা ভাতা বন্ধের কথা বলে অর্থ আদায়ের চেষ্টা করেন, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অভিযোগের সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে সৌরভ রেজা শিহাব বলেন, “আপনাদের এ রকম প্রতারণার সঙ্গে জড়িত না হতে প্রথমবারের মতো অনুরোধ করছি। দ্বিতীয়বার কিন্তু অনুরোধ করব না—সে যেই হোক।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তার এমন বক্তব্যের পর প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন ভাতাভোগী। তারা বলেন, সরকারি ভাতা নিয়ে কেউ ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের দাবি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নিয়ম অনুযায়ী সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে তালিকা যাচাই-বাছাইয়ের পাশাপাশি ভাতাভোগীদের ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply